ইরানে ‘স্বল্পমেয়াদি কিন্তু শক্তিশালী’ হামলার পরিকল্পনা করেছে যুক্তরাষ্ট্র
সেন্টকমের পরিকল্পনায় ইরানে একগুচ্ছ হামলার প্রস্তাব করা হয়েছে
ইরানের সঙ্গে চলমান কূটনৈতিক অচলাবস্থা নিরসনে দেশটিতে স্বল্পমেয়াদি কিন্তু শক্তিশালী একগুচ্ছ হামলার পরিকল্পনা তৈরি করেছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)।
ওয়াশিংটন যখন তেহরানের সঙ্গে তার পারমাণবিক কর্মসূচি ও গুরুত্বপূর্ণ বৈশ্বিক সমুদ্রপথ হরমুজ প্রণালি নিয়ে উত্তেজনায় জড়িয়েছে, তখনই এ পরিকল্পনার তথ্য সামনে আনে সংবাদমাধ্যম।
বিবিসি জানিয়েছে, পরিকল্পনাটি প্রেসিডেন্ট Donald Trump-এর কাছে একটি ‘উচ্চমানের প্রভাবশালী বিকল্প’ হিসেবে উপস্থাপন করা হয়েছে, যা পূর্ণমাত্রার যুদ্ধের তুলনায় সীমিত। তবে ট্রাম্প এখনো এতে অনুমোদন দেননি। বরং তিনি ইরানের বিরুদ্ধে চলমান নৌ-অবরোধ ও অর্থনৈতিক চাপ অব্যাহত রাখাকেই বেশি গুরুত্ব দিচ্ছেন। জনসমক্ষে তিনি এই কৌশলকে ‘বোমার চেয়েও কার্যকর’ বলে উল্লেখ করেছেন।
পরিকল্পনা অনুযায়ী, ইরানের তেল রপ্তানি অবকাঠামো, সামরিক ঘাঁটি, কমান্ড সেন্টার এবং আঞ্চলিক মিলিশিয়া নেটওয়ার্ককে লক্ষ্যবস্তু করার প্রস্তাব রয়েছে। উদ্দেশ্য হলো—দীর্ঘস্থায়ী হামলা না চালিয়ে স্বল্প সময়ে বড় ধরনের ক্ষতি করা, যাতে তেহরান যুক্তরাষ্ট্রের শর্তে আলোচনায় বসতে বাধ্য হয়।
এ ছাড়া আরেকটি বিকল্প পরিকল্পনায় হরমুজ প্রণালির কিছু অংশের নিয়ন্ত্রণ নেওয়ার কথাও উল্লেখ করা হয়েছে, যার জন্য স্থল অভিযান প্রয়োজন হতে পারে।
আরও পড়ুন: ফোন স্লো? মাত্র ২ মিনিটে স্পেস খালি করে বানান নতুন ফোন