ঢাকার পুলিশ সুপার পদে প্রথমবারের মতো একজন নারী নিয়োগ পেয়েছেন—শামীমা পারভীন। তিনি খুলনা-৩ আসনের সংসদ সদস্য ও ত্রয়োদশ জাতীয় সংসদের সরকারি দলের হুইপ রকিবুল ইসলাম-এর স্ত্রী।
বৃহস্পতিবার শামীমা পারভীনসহ পুলিশের ১২ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে দেশের বিভিন্ন স্থানে বদলি করা হয়েছে। এদের মধ্যে ছয়জন পুলিশ সুপার (এসপি) এবং ছয়জন অতিরিক্ত উপমহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) পদমর্যাদার কর্মকর্তা রয়েছেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনে এসব বদলির কথা জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপন দুটিতে স্বাক্ষর করেন উপসচিব তৌছিফ আহমেদ।
প্রজ্ঞাপন অনুযায়ী, পুলিশ অধিদপ্তরে কর্মরত শামীমা পারভীনকে ঢাকা জেলার এসপি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। একই সঙ্গে ঢাকা জেলার বর্তমান এসপি মো. মিজানুর রহমানকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে (পিবিআই) পাঠানো হয়েছে। বাগেরহাটের এসপি মোহাম্মদ হাছান চৌধুরীকে চট্টগ্রাম রেঞ্জে এবং ডিএমপির উপকমিশনার হাসান মোহাম্মদ নাছের রিকাবদারকে বাগেরহাটের এসপি করা হয়েছে।
অন্য একটি প্রজ্ঞাপনে আরও কয়েকজন কর্মকর্তার পদায়ন করা হয়। এর মধ্যে সাতক্ষীরার ইনসার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট মো. মোকবুল হোসেনকে কুষ্টিয়ায় একই পদে, এপিবিএন-১২–এর অধিনায়ক মো. ইকবালকে এপিবিএন-৫–এ, হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি মো. এনামুল কবিরকে এপিবিএন-১২–এ দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া এপিবিএন-১৩–এর অধিনায়ক মোহাম্মদ সিহাব কায়সার খানকে পিবিআইয়ের অতিরিক্ত ডিআইজি করা হয়েছে।
র্যাবের পরিচালক মোহাম্মদ কামরুজ্জামান ও মো. খালিদুল হক হাওলাদারকে ডিএমপির যুগ্ম কমিশনার, ডিএমপির উপকমিশনার মোহাম্মদ রবিউল হোসেন ভূঁইয়াকে নৌ পুলিশের এসপি এবং নুসরাত জাহান মুক্তাকে এসবির অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে জানানো হয়েছে, জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।
আরও পড়ুন : ইরানে স্বল্পমেয়াদি শক্তিশালী হামলার পরিকল্পনা, ট্রাম্পের অনুমোদনের অপেক্ষা