কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির সক্ষমতা ‘সূচকীয় হারে’ বাড়ছে। এই দ্রুত অগ্রগতিকে শিল্পখাতের জন্য ‘সতর্ক সংকেত’ হিসেবে উল্লেখ করে এআই উন্নয়নের গতি কিছুটা কমানোর আহ্বান জানিয়েছেন অ্যানথ্রপিকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) দারিও আমোদেই।
| এআই প্রযুক্তির উন্নয়ন ‘সূচকীয় হারে’ এগিয়ে যাচ্ছে। সংগৃহীত ছবি |
শনিবার (১২ সেপ্টেম্বর) সিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
আমোদেই জানান, এআইয়ের অগ্রগতির গতি তিনি আগে পুরোপুরি উপলব্ধি করতে পারেননি। তাঁর মতে, প্রযুক্তিটির সক্ষমতা এখন এমন পর্যায়ে পৌঁছেছে, যেখানে উন্নয়নের গতি ক্রমেই আরও বাড়ছে।
এআইয়ের এই অগ্রগতিকে তিনি ‘১, ২, ৪, ৮, ১৬, ৩২’—এভাবে দ্রুত বাড়তে থাকা একটি ধারার সঙ্গে তুলনা করেন। তবে পরিস্থিতি নিয়ে আতঙ্কিত হয়ে এআই উন্নয়ন বন্ধ করে দেওয়ার প্রয়োজন নেই বলেও তিনি স্পষ্ট করেছেন।
আমোদেই বলেন, এর অর্থ এই নয় যে এখনই আতঙ্কিত হয়ে পড়তে হবে বা সব ধরনের উন্নয়ন বন্ধ করে দিতে হবে। তবে এটি অবশ্যই একটি সতর্ক সংকেত—এআই উন্নয়নের গতি কিছুটা কমানো প্রয়োজন।
একই দিনে প্রকাশিত এক ব্লগ পোস্টেও অ্যানথ্রপিকের সহপ্রতিষ্ঠাতা এআই কোম্পানিগুলোকে প্রযুক্তি উন্নয়নে আরও সতর্ক হওয়ার আহ্বান জানান। তাঁর মতে, এআইয়ের সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় নিরাপত্তা পরীক্ষা ও মূল্যায়নের জন্য কোম্পানিগুলোকে আরও সময় দিতে হবে।
আমোদেইয়ের প্রস্তাবের অন্যতম বিষয় হলো, এআই কোম্পানিগুলোতে স্বাধীন তৃতীয় পক্ষের মূল্যায়নকারীদের নিয়মিত কাজ করার সুযোগ দেওয়া। এসব মূল্যায়নকারী এআই মডেলের নিরাপত্তাব্যবস্থা এবং কোম্পানিগুলোর ঘোষিত নিরাপত্তা প্রতিশ্রুতি যথাযথভাবে বাস্তবায়িত হচ্ছে কি না, তা যাচাই করবেন। অ্যানথ্রপিক ইতোমধ্যে এমন উদ্যোগ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, গণতান্ত্রিক দেশগুলোর এআই কোম্পানিগুলোকে একসঙ্গে কাজ করে অভিন্ন নিরাপত্তা মানদণ্ড তৈরি করতে হবে। একই সঙ্গে এআইয়ের অনিয়ন্ত্রিত অগ্রগতির গতির ওপরও কিছু সীমা নির্ধারণ করা প্রয়োজন।
এআইয়ের সম্ভাব্য ঝুঁকি নিয়েও সতর্ক করেন আমোদেই। তাঁর আশঙ্কা, নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়া এআই এজেন্টের একটি দল ভবিষ্যতে মাত্র ছয় মাসের মধ্যে ইন্টারনেটে বড় ধরনের প্রভাব বিস্তার করতে পারে। এ ছাড়া এআই সাইবার হামলা, জৈব সন্ত্রাসবাদ এবং বড় ধরনের অর্থনৈতিক অস্থিরতার মতো ঝুঁকি তৈরি করতে পারে বলেও তিনি উল্লেখ করেন।
এদিকে আমোদেইয়ের প্রস্তাবের প্রতি সমর্থন জানিয়েছেন ওপেনএআইয়ের সিইও স্যাম অল্টম্যান। তিনি জানান, স্বাধীন মূল্যায়নকারীদের প্রতিষ্ঠানের কর্মীদের মতো প্রবেশাধিকার দেওয়ার ধারণাটি ওপেনএআইও বাস্তবায়ন করবে।
অ্যানথ্রপিকের সিইওর বক্তব্যকে সমর্থন করে ইলন মাস্কও বলেন, ‘দারিও ঠিক বলেছেন।’
তবে আমোদেই মনে করেন, শুধু প্রযুক্তি কোম্পানিগুলোর স্বেচ্ছামূলক উদ্যোগ এআইয়ের নিরাপত্তা নিশ্চিত করার জন্য যথেষ্ট নয়। এ ক্ষেত্রে সরকারি নিয়ন্ত্রণও প্রয়োজন।
তিনি বলেন, এআই পণ্য বাজারে ছাড়ার গতি নির্ধারণের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হওয়া উচিত পণ্যটি কতটা নিরাপদ। আর এআই নিরাপত্তা নিয়ে যেকোনো আলোচনায় সরকারের অবশ্যই সম্পৃক্ত থাকা প্রয়োজন।
আরও পড়ুন: দৌলতদিয়ায় বড় দুর্ঘটনা থেকে রক্ষা, নদীতে পড়া বাস উদ্ধার আড়াই ঘণ্টা পর